
নিজস্ব প্রতিবেদন | ভাষাটিভি
ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ, উচ্ছেদ অভিযান ও চালকদের হয়রানির প্রতিবাদে রাজধানীতে আন্দোলন অব্যাহত রেখেছেন অটোরিকশাচালক ও মালিকরা। সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। পরে মিছিল করে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে—ব্যাটারিচালিত অটোরিকশার জন্য রোড পারমিট ও বৈধ লাইসেন্সের ব্যবস্থা, চালকদের প্রশিক্ষণের আওতায় আনা, অটোরিকশার গ্যারেজের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন না করা এবং উচ্ছেদ ও ডাম্পিংয়ের নামে হয়রানি বন্ধ করা।
এদিকে মঙ্গলবার সড়ক, রেলপথ ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, ঢাকায় একটি নীতিমালার আওতায় অটোরিকশা চলাচলের অনুমতি দেওয়া হবে। এ বিষয়ে দ্রুত নীতিমালা প্রণয়নের কথাও জানিয়েছেন তিনি।
তবে আন্দোলনকারীরা দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন। একই সঙ্গে অটোরিকশা বন্ধ বা নির্বিচারে ডাম্পিং এবং চার্জিং পয়েন্টের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হলে রাজধানী অবরোধেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।
সোমবারের অবরোধে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে ব্যাপক যানজট ও জনদুর্ভোগ সৃষ্টি হয়। আন্দোলনের সময় একটি বাস ভাঙচুর এবং কয়েকজন অটোরিকশাচালককে মারধরের অভিযোগও পাওয়া গেছে।
ভাষাটিভি | সত্য প্রতিদিন
তথ্য সরবরাহকারী নিউজ এজেন্সি ভাষাটিভি
www.Bhashatv.com
Leave a Reply