
ভাষাটিভি নিউজ
একটি জাতির দীর্ঘস্থায়ী উন্নয়ন ও শক্তিশালী ভবিষ্যৎ নির্মাণের অন্যতম প্রধান ভিত্তি হলো শিক্ষা। যে জাতির মানুষের চিন্তা, জ্ঞান ও দক্ষতার বিকাশ ঘটে, সেই জাতি নানা সংকট মোকাবিলা করে সামনে এগিয়ে যেতে পারে। আর যেখানে শিক্ষার সুযোগ ও শিক্ষার হার দুর্বল, সেখানে সামাজিক ও অর্থনৈতিক দুর্বলতা দীর্ঘস্থায়ী হওয়ার আশঙ্কা থাকে।
শিক্ষার গুরুত্ব তুলে ধরে রাষ্ট্রচিন্তক আতিকুল ইসলাম বলেন, “শতভাগ শিক্ষিত জাতি দীর্ঘস্থায়ী। একটি জাতির চিন্তাভাবনা ও উন্নয়নের ভিত্তি হলো শিক্ষা। যেখানে শিক্ষা দুর্বল, সে জাতিও দুর্বল হয়ে পড়ে। শিক্ষার কোনো বিকল্প নেই।”
তিনি বলেন, দেশের প্রতিটি ওয়ার্ডকে শতভাগ শিক্ষিত এলাকায় পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার, জনপ্রতিনিধি, জেলা ও উপজেলা প্রশাসন, রাজনৈতিক ও সামাজিক নেতৃত্বসহ স্থানীয় পর্যায়ের সংশ্লিষ্ট সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
আতিকুল ইসলাম আরও বলেন, একটি ওয়ার্ডের প্রতিটি পরিবারের শিশু-কিশোর ও শিক্ষাবঞ্চিত মানুষকে শিক্ষার আওতায় আনার জন্য স্থানীয় পর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়া সম্ভব। জনপ্রতিনিধিদের নেতৃত্বে শিক্ষার অগ্রগতি পর্যবেক্ষণ, ঝরে পড়া শিক্ষার্থীদের পুনরায় শিক্ষায় ফিরিয়ে আনা এবং দরিদ্র পরিবারের শিক্ষার্থীদের সহায়তার ব্যবস্থা করা গেলে ধীরে ধীরে প্রতিটি ওয়ার্ডকে শতভাগ শিক্ষিত এলাকায় রূপান্তর করা সম্ভব।
তিনি সতর্ক করে বলেন, “আমরা যদি জনগণকে শিক্ষিত ও দক্ষ করে গড়ে তুলতে না পারি, তাহলে দেশের কাঙ্ক্ষিত অগ্রগতি বাধাগ্রস্ত হবে। শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এখনই সমন্বিতভাবে কাজ করতে হবে।”
রাষ্ট্রচিন্তক আতিকুল ইসলাম বলেন, শিক্ষা শুধু ব্যক্তির উন্নয়ন নয়; এটি একটি পরিবার, সমাজ ও রাষ্ট্রের ভবিষ্যৎ নির্ধারণ করে। তাই প্রতিটি ওয়ার্ডকে শতভাগ শিক্ষিত করার লক্ষ্যকে স্থানীয় উন্নয়নের অন্যতম প্রধান কর্মসূচি হিসেবে গ্রহণ করার আহ্বান জানান তিনি।
—ভাষাটিভি | সত্য প্রতিদিন
Leave a Reply