
গাজীপুরের রাজনীতি ও আইন অঙ্গনের পরিচিত মুখ অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি সাবেক জাতীয়তাবাদী আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক গাজীপুর মহানগর বিএনপির সদস্য ছিলেন।
দীর্ঘ রাজনৈতিক পথচলা, নির্যাতন, কারাবরণ এবং নানা প্রতিকূলতার মধ্য দিয়েও মানুষের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
গাজীপুরের ভোগড়া বাইপাস এলাকার মরহুম এম দোলোয়ার হোসেনের কন্যা দিলারা সুলতানা সেতু। কুর্মিটোলা স্কুল এন্ড কলেজ, শহীদ আনোয়ার কলেজ এবং ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে এলএলবি ও এলএলএম সম্পন্ন করেন। পরবর্তীতে লন্ডন ও কানাডায় অবস্থান শেষে ২০০৮ সালে দেশে ফিরে আসেন।
২০০৯ সালে গাজীপুরসহ সুপ্রিম কোর্টে আইন পেশায় সক্রিয়ভাবে যুক্ত হন এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের রাজনীতিতে অংশগ্রহণ শুরু করেন।
তিনি জানান, বাবার কাছ থেকেই বিএনপির রাজনীতির প্রতি ভালোবাসা তৈরি হয়। আর ব্যক্তিগতভাবে সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী ও আপোষহীন নেত্রী খালেদা জিয়া-র প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই তাকে রাজনৈতিক আইকন হিসেবে অনুসরণ করেন। সেই আদর্শ থেকেই জাতীয়তাবাদী রাজনীতিতে সক্রিয় হয়ে ওঠেন তিনি।
২০১৩-১৪ সালে গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অংশগ্রহণ করেন তিনি। পরবর্তীতে ২০১৪-১৫ সালে নির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়ে গাজীপুর আইন অঙ্গনে আলোচনায় আসেন। ২০১৫ সালে গাজীপুর বার অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।
দিলারা সুলতানা সেতুর দাবি, রাজনৈতিক অস্থিরতার সময় তাকে কোর্ট এলাকা থেকে আটক করা হয়। পরে নির্যাতন, হয়রানি ও রিমান্ডের মুখোমুখি হতে হয় তাকে। তার অভিযোগ, পরিবারের সদস্যদের বিরুদ্ধেও মামলা দেওয়া হয় এবং বাড়িতে অভিযান চালিয়ে মালামাল নিয়ে যাওয়া হয়। দীর্ঘ সময় ভয়ভীতি ও চাপের মধ্যে থাকলেও রাজনীতি ও মানুষের সেবা থেকে সরে দাঁড়াননি তিনি।
তিনি জানান, রাজনীতিতে কখনও ব্যক্তিগত সুযোগ-সুবিধার জন্য কাজ করেননি। সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। মানবিক কর্মকাণ্ড ও অসহায় মানুষের সহায়তায়ও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন তিনি।
২০২৬ সালের সংরক্ষিত নারী আসনের মনোনয়ন প্রত্যাশী হিসেবে ব্যাপক প্রচারণা চালান দিলারা সুলতানা সেতু। মনোনয়ন না পেলেও হতাশ না হয়ে ভবিষ্যতে গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন।
দিলারা সুলতানা সেতুর বক্তব্য, “গাজীপুর আমার প্রাণের শহর। এই এলাকার মানুষের জন্য কাজ করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করে যেতে চাই।”
সংগ্রাম, সাহস এবং মানুষের ভালোবাসাকে সঙ্গে নিয়ে এগিয়ে চলেছেন অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। গাজীপুরের রাজনীতিতে তার আগামী পদক্ষেপ এখন আলোচনায়।
Leave a Reply