
লেখক: আতিকুল ইসলাম ওরফে শাহ্ সুলতান আতিক বহুমাত্রিক সমাজচিন্তক ও মানবাধিকারকর্মী
গণতন্ত্রের মূল দর্শন হলো সাম্য, মানবিক মর্যাদা, অধিকার এবং সবার জন্য সমান সুযোগ। গণতন্ত্রের কথা আসলে সেখানে বৈষম্যের কোনো জায়গা থাকার কথা নয়। অথচ আমাদের চারপাশে তাকালে দেখা যায়, সমাজের প্রতিটি স্তরে নানা ধরনের বৈষম্য বিদ্যমান। প্রশ্ন হলো, যে ব্যবস্থার মূল ভিত্তি সমতা, সেই ব্যবস্থার মধ্যেই এত বৈষম্য কেন?
একজন মানুষ ধনী কিংবা দরিদ্র হতে পারেন, কেউ উচ্চশিক্ষিত, কেউ নিরক্ষর হতে পারেন। কারও সম্পদ আছে, কারও নেই। কারও সামাজিক পরিচিতি আছে, কেউ সমাজে একেবারেই অপরিচিত। কিন্তু এসব পার্থক্য কি মানুষের মৌলিক অধিকার, সম্মান ও মর্যাদা নির্ধারণের মাপকাঠি হতে পারে?
একজন কৃষক সারাজীবন খাদ্য উৎপাদন করেন, একজন শ্রমিক নিজের ঘাম ঝরিয়ে শিল্পকারখানা সচল রাখেন, একজন জেলে নদী-সমুদ্র থেকে মাছ আহরণ করেন, একজন তাঁতি কাপড় তৈরি করেন। একজন কামার কিংবা কুমার তাঁর শ্রম ও দক্ষতা দিয়ে সমাজের প্রয়োজন মেটান। অথচ রাষ্ট্র পরিচালনা, নীতিনির্ধারণ কিংবা জনপ্রতিনিধিত্বের ক্ষেত্রে এই সাধারণ মানুষের অংশগ্রহণ কতটুকু?
যাঁর হাতে শিক্ষার সনদ নেই, তাঁর কি চিন্তাশক্তি নেই? যাঁর পকেটে অর্থ নেই, তাঁর কি রাষ্ট্র সম্পর্কে মতামত দেওয়ার অধিকার নেই? যিনি কৃষিকাজ করেন, তিনি কি সমাজ পরিচালনার যোগ্যতা অর্জন করতে পারেন না?
শিক্ষাগত যোগ্যতা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু শিক্ষার সনদকে মানুষের সামগ্রিক জ্ঞান, বিবেক, অভিজ্ঞতা ও যোগ্যতার একমাত্র মাপকাঠি বানানো কতটা যুক্তিসংগত?
গণতন্ত্র যদি জনগণের শাসন হয়, তাহলে জনগণের প্রতিটি শ্রেণির প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। শুধু অর্থশালী, প্রভাবশালী কিংবা ক্ষমতাবান মানুষের মধ্যেই নেতৃত্ব সীমাবদ্ধ থাকলে সাধারণ মানুষের প্রত্যাশা ও বাস্তবতার মধ্যে দূরত্ব থেকেই যাবে।
আরেকটি বড় বৈষম্য দেখা যায় সামাজিক মর্যাদার ক্ষেত্রে। একজন উচ্চপদস্থ ব্যক্তি যে সম্মান পান, একজন পরিচ্ছন্নতাকর্মী কি সেই সম্মান পাওয়ার অধিকার রাখেন না? একজন সরকারি কর্মকর্তা যে নাগরিক অধিকার ভোগ করেন, একজন সাধারণ শ্রমজীবী মানুষও কি একই মর্যাদার অধিকারী নন?
মানুষের পেশা আলাদা হতে পারে, আয় আলাদা হতে পারে, অর্জন আলাদা হতে পারে; কিন্তু মানবিক মর্যাদা আলাদা হতে পারে না।
আমাদের মনে রাখতে হবে, গণতন্ত্র শুধু ভোট দেওয়ার অধিকার নয়। গণতন্ত্র হলো কথা বলার অধিকার, মত প্রকাশের স্বাধীনতা, ন্যায়বিচার পাওয়ার নিশ্চয়তা, রাষ্ট্রীয় সুযোগ-সুবিধায় ন্যায্য অংশগ্রহণ এবং প্রত্যেক নাগরিকের সমান মর্যাদা প্রতিষ্ঠা।
আমি মনে করি, বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে হলে প্রথমে আমাদের চিন্তাভাবনায় পরিবর্তন আনতে হবে। মানুষকে সম্পদ, সনদ, পদবি কিংবা সামাজিক অবস্থান দিয়ে নয়, মানুষ হিসেবে মূল্যায়ন করতে শিখতে হবে।
আমার প্রশ্ন, গণতন্ত্র যদি সবার জন্য হয়, তাহলে গণতন্ত্রের সুফল সবার কাছে পৌঁছাবে না কেন? অধিকার যদি সবার সমান হয়, তাহলে সুযোগের ক্ষেত্রে এত পার্থক্য থাকবে কেন?
রাষ্ট্র কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। রাষ্ট্রের মালিক জনগণ। আর জনগণের মধ্যে কৃষক, শ্রমিক, জেলে, তাঁতি, কামার, কুমার, শিক্ষক, চিকিৎসক, ব্যবসায়ী—সবাই সমানভাবে রাষ্ট্রের অংশীদার।
সুতরাং গণতন্ত্রের প্রকৃত সৌন্দর্য তখনই প্রতিষ্ঠিত হবে, যখন একজন সাধারণ মানুষও নিজেকে রাষ্ট্রের সমান মর্যাদার নাগরিক হিসেবে অনুভব করবেন।
গণতন্ত্রের সার্থকতা ক্ষমতার পরিবর্তনে নয়, মানুষের মর্যাদা, অধিকার ও সুযোগের সমতা প্রতিষ্ঠায়।
— আতিকুল ইসলাম ওরফে শাহ্ সুলতান আতিক বহুমাত্রিক সমাজচিন্তক ও মানবাধিকারকর্মী
Leave a Reply