স্টাফ রিপোর্টার :
গাজীপুরে বকেয়া বেতন-ভাতার দাবিতে কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে আসা স্টাইল ক্র্যাফ্ট পোশাক কারখানার শ্রমিকদের উপর টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় পুলিশ।
রবিবার (১৮ জুলাই) বিকাল সাড়ে ৪টার দিকে গাজীপুর জেলা কারাগারের সামনে এ ঘটনাটি ঘটে। এসময় পেশাগত দায়িত্ব পালনকালে শ্রমিকদের উপর টিয়ারশেল, লাটিচার্জের ছবি তুললে পুলিশ ‘দৈনিক বাংলাদেশ কণ্ঠ’ পত্রিকার গাজীপুর জেলা প্রতিনিধি জাহিদ হাসান ভূঁইয়ার মোবাইল ফোন ২ ঘণ্টা আটকে রাখে শিল্প পুলিশ।
সূত্রে জানা যায়, ‘প্রায় আট ঘণ্টা সড়ক অবরোধের পর বিকাল সাড়ে ৪টার দিকে চান্দনা চৌরাস্তা মোড়ের দিকে মিছিল নিয়ে যাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় পুলিশ তাদের বাধা দেয়। পুলিশের কথা না শোনায় বিক্ষোভরত শ্রমিকদের উপর ২০ রাউন্ড টিয়ারশেল ও ১৬ রাউন্ড সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। এতে পুলিশসহ কমপক্ষে বিশ জন আহত হয়েছেন।
গাজীপুর শিল্প পুলিশের পরিদর্শক সমীর চন্দ্র সূত্রধর জানান, স্টাইল ক্রাফট পোশাক কারখানার শ্রমিকরা গত ৬ জুলাই থেকে কর্মবিরতি ও বিক্ষোভ করে আসছেন। পাওনা পরিশোধের তারিখ দিয়ে কথা না রাখায় প্রতিদিনের মতো গতকাল সকাল ৯টার দিকে ঢাকা-গাজীপুর সড়ক অবরোধ করেন শ্রমিকরা। এতে সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং উভয় দিকে অ্যাম্বুলেন্সসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। পুলিশ তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করলেও অবরোধ প্রত্যাহার করেননি। বিকাল পর্যন্ত কারখানা কর্তৃপক্ষের সাড়া না পেয়ে আরও বিক্ষুব্ধ হন তারা।’ পরে চান্দনা চৌরাস্তায় যেতে চাইলে বাধা দিলে, পুলিশকে উদ্দেশ্য করে ইট-পাটকেল ছুড়লে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পুলিশ।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) উপ-পুলিশ কমিশনার জাকির হাসান বলেন, ‘শ্রমিক-কর্মচারীদের বেতন পরিশোধের ব্যাপারে ঢাকায় বিজিএমইএ’র সঙ্গে কারখানা কর্তৃপক্ষের আলোচনা চলছে। অল্প সময়ের মধ্যেই সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে। এ ঘটনায় কারখানার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।’
Leave a Reply