জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
গাজীপুর মেট্রো সদর থানাধীন শহীদ নিয়ামত সড়ক এলাকায় গার্মেন্টসকর্মী রুজিনা বেগম (৩৪) কে প্লাষ্টিকের দড়ি দিয়ে হত্যার ঘটনায় তার স্বামী সেলিম মিয়াকে গ্রেফতার করেছে র্যাব।
আজ দুপুরে র্যাব-১ পোড়াবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর এ এস এম মাঈদুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনায় রুজিনার ভাই গাজীপুর মেট্রো সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মেজর এ এস এম মাঈদুল ইসলাম জানান, গত ৭ জুলাই (বুধবার) ঢাকার খিলগাঁও থেকে গাজীপুরের শহীদ নিয়ামত সড়ক এলাকায় স্ত্রী রুজিনা বেগমের ভাড়া বাসায় আসেন সেলিম মিয়া। পরে ৭ জুলাই রাতে স্থানীয়রা রুজিনা ও সেলিমের বিষয়টি মিমাংসা করার চেষ্ঠা করলেও স্বামীকে রাতে ঘরে ঢুকতে দেননি রুজিনা। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে রাত দেড়টার দিকে রুজিনার গলায় প্লাষ্টিকের চিকন দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায় স্বামী সেলিম।
তিনি আরও জানান, গার্মেন্টসকর্মী রুজিনা হত্যাকান্ডের ঘটনাটি এলাকায় আলোড়ন ও সংবাদ মাধ্যমে গুরুত্বের সাথে প্রকাশিত হলে হত্যাকারীকে আইনের আওতায় আনতে ছায়াতদন্ত শুরু করে র্যাব। পরে গোপন সংবাদের ভিত্তিতে খিলগাঁওয়ের সিপাহীবাগ এলাকা থেকে হত্যাকান্ডে জড়িত রুজিনার স্বামী কিশোরগঞ্জের আইন উদ্দিনের পুত্র মো. সেলিম মিয়া (৪৬) কে গ্রেফতার করে র্যাব। হত্যায় ব্যবহৃত প্লাষ্টিকের দড়ি, ভিকটিম ও সেলিমের মোবাইল উদ্ধার করে র্যাব। সেলিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এ কমান্ডার।
Leave a Reply