জাহিদ হাসান ভূঁইয়া, বিশেষ প্রতিবেদক :
দেশে চলমান এক সপ্তাহের সরকারি ঘোষিত লকডাউনের তৃতীয় দিন চলছে আজ। প্রথম দিন গাজীপুরের রাস্তায় লকডাউনের স্বাস্থ্যবিধি মান্য করার ক্ষেত্রে প্রশাসন কড়াকড়ি অবস্থান থাকলেও দ্বিতীয় দিন কিছুটা লোক সমাগম দেখা যায়। তবে আজ লকডাউনের তৃতীয় দিনে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অনেকটা উদাসীন দেখে গেছে জনগণকে, প্রশাসনও তার কঠোর অবস্থানে ছিল না। অনেক চেকপোস্টে তেমন পুলিশি তৎপরতাও চোখে পড়েনি।

গাজীপুরে যানবাহন চলাচলের রাস্তায় লোক সমাগম একটু কম থাকলেও, রেল রাস্তায় মানুষের উপস্থিতি ছিল লোকে লোকারণ্য। এসময় স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বেশিরভাগ মানুষকে উদাসীন দেখা গেছে। অকারণেই রেল রাস্তায় আড্ডা এবং ঘুরাঘুরি করছিলেন বেশিরভাগ মানুষ। অনেকেই আবার যানবাহন চলাচলের রোডে পুলিশের উপস্থিতি বা জিজ্ঞাসাবাদ এবং জরিমানার ভয়ে রেল রাস্তাকে ব্যবহার করে যাওয়া-আসা করছেন।
গাজীপুর মহানগরীর রেলওয়ে জংশনের রেলসড়কে মানুষের উপস্থিতি ছিল লক্ষ্যণীয়। অনেকে গোল করে বসে আড্ডা দিচ্ছিলেন, আবার অনেকে পায়চারী করছিলেন, অনেকে পরিবার নিয়ে প্রাকৃতিক দৃশ্য দেখছেন, অনেক ছেলে-মেয়েরা দলবদ্ধ হয়ে ফোন চালাচ্ছেন আবার সেখানে ভাসমান চা-পান, ফুসকা বিক্রেতারাও বিক্রি করছিলেন প্রচুর পরিমাণ। গাজীপুর সদর মেট্রো থানার পূর্বপাশে স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব না মেনে রেলরাস্তায় অনেক লোককে বসে থাকতে এবং গল্পগুজব করতে দেখা যায়। তবে তাদের বেশিরভাগ লোকের মুখে মাস্কও ছিলনা।

তাদের একজন বলেন, এখানে পুলিশি কোন ঝামেলা নেই, তাই ঘুরাঘুরি করছি। স্বাস্থ্যবিধি সম্পর্কে একজন বলেন, এখানে করোনা ভাইরাস নেই, করোনা ভাইরাস বাজার-ঘাটে, দোকানপাটে আর হাসপাতালে।
এক স্বাস্থ্য বিষেষজ্ঞ বলেন, ঘর থেকে বের হচ্ছেন না এমন বয়স্ক মানুষও করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। আর এখন করোনা ভাইরাস নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে, মানুষ তারপরও কেন যে বুজছেন না। এব্যাপারে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে সর্তক থাকতে হবে।
Leave a Reply