জামায়াতকে ইঙ্গিত করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল, জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদের সবাই গুপ্ত পরিচয়ে চেনে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা দেশের মানুষ কাছে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। এরা তাদের পরিচিত প্রেসে (ছাপাখানায়) ব্যালট পেপার ছাপাচ্ছেন। যা তারা ভোটের দিন পকেটে করে নিয়ে যাবেন।
বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল শহরের ঐতিহাসিক বেলস পার্কে নির্বাচনী সমাবেশে বক্তব্যে এ কথা বলেন তারেক রহমান। সমাবেশে বরিশাল বিভাগের ২১টি আসনের বিএনপি ও তাদের মিত্রদের প্রার্থীরাদের পরিচয় করিয়ে দেন তিনি।
তারেক রহমান বলেন, ৫ আগস্ট পূর্ববর্তী স্বৈরাচার জনগণের ভোটের অধিকার, কথা বলার অধিকার কেড়ে নিয়েছিল, তারা যে ভাষায় কথা বলতো জনগণকে, গুণি ব্যক্তিদের অপদস্থ ও ছোট করতো তারা পালিয়ে যাওয়ার পরে নিশ্চয়ই এই রীতি বন্ধ হয়ে গেছে।
তিনি বলেন, কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম এই রীতি বন্ধ হয়নি। একটি রাজনৈতিক দল, জনগণের কাছে তাদের ভিন্ন পরিচয় আছে, তাদের গুপ্ত পরিচয়ে চেনে। বাংলাদেশে বর্তমানে নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে। এই গুপ্ত সংগঠনের ব্যক্তিরা নতুন জালেম রূপে আবির্ভূত হয়েছে দেশের মানুষ কাছে।
বাংলাদেশে আবহমান কাল ধরে নারী-পুরুষ মাঠে কাজ করে বলে উল্লেখ করে তারেক রহমান বলেন, শুধু মাঠে নয়, বিভিন্ন কলকারখানায়ও পুরুষের পাশাপাশি মা-বোনেরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। আমাদের যে গার্মেন্টস শিল্পে সারাবিশ্বে সুনাম কুড়াচ্ছে, সেই গার্মেন্টস শিল্পে মা-বোনেরা কাজ করছে।
তিনি আরও বলেন, আমরা অত্যন্ত ঘৃণার সঙ্গে দেখছি নতুন জালেমরা, তাদের নেতা দুই দিন আগে দেশের নারীদের নিয়ে একটা কলঙ্কিত শব্দ ব্যবহার করেছে। যাদের মা-বোনদের নিয়ে বিন্দুমাত্র শ্রদ্ধা নেই, তাদের কাছ থেকে আর যাই হোক বাংলাদেশ অগ্রগতি আশা করতে পারে না।
এর আগে দুপুর ১২টা ১৭ মিনিটে তারেক রহমানের গাড়িবহর সমাবেশ স্থল থেকে প্রায় ২০০ গজ দূরে সড়কে পৌঁছায়। সেখান থেকে উপস্থিত জনসমাগমকে হাত নেড়ে শুভেচ্ছা জানিয়ে প্রায় ১০ মিনিট পর ১২টা ২৭ মিনিট মঞ্চের কাছে তার গাড়ি পৌঁছায়, এরপর তিনি মঞ্চে ওঠেন। তখন মঞ্চ থেকে এবং মাঠ থেকে নেতাকর্মীদের মুর্মুহু স্লোগানে তাকে স্বাগত জানান।
Leave a Reply