নিজস্ব প্রতিবেদকঃ চাঁপাইনবাবগঞ্জে ট্যাপে পানি নেওয়াকে কেন্দ্র করে ঝগড়ার একপর্যায়ে একজন নারীর ডাকে লোকজন এসে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর দুইটার দিকে জেলা শহরের পৌরএলাকার প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের নাম নাসির উদ্দিন বাসু (৪৫)। তিনি পৌরসভার আলীনগর ভূতপুকুর মহল্লার আকতার হোসেন মুন্সীর ছেলে। বাসু প্রান্তিকপাড়া রেলবস্তি এলাকায় ভাড়া থাকতেন।
নিহতের স্বজন শাহনাজ জানান, ট্যাপকলে পানি নেওয়াকে কেন্দ্র করে নাসির উদ্দিনের সঙ্গে পাশের বাসিন্দা নূরী নামে এক নারীর ঝগড়া হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে নূরী মোবাইল ফোনে কয়েকজনকে ডাকেন। তারা এসে নাসির উদ্দিনকে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের চিকিৎসক উম্মে হাবিবা জানান, ভিকটিমকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। ধারণা করা হচ্ছে মাথায় আঘাত পাওয়ায় এই মৃত্যুর ঘটনা ঘটেছে। তবে ময়নাতদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা সম্ভব হবে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ ওসি নূরে আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সাত জনকে আটক করেছে। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply