ব্যারিস্টার আগা জিলানী, চেয়ারম্যান, প্রেসক্লাব অফ সাউথ এশিয়া, দিল্লি থেকেঃ ভারতের রাজধানী দিল্লির জাতীয় প্রেস ক্লাবে শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলন করেছে আওয়ামী লীগের সিনিয়র নেতা ও বাংলাদেশের সাবেক তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন আওয়ামীলীগ সমর্থিত অনলাইন অ্যাক্টিভিস্ট ব্যারিস্টার নিঝুম মজুমদার।
একটি পিআর সংস্থার পক্ষ থেকে দিল্লির সাংবাদিকদের পাঠানো এক বিবৃতিতে জানানো হয়েছে, ২০২৪-র জুলাই-আগস্টে বাংলাদেশের ‘রাজনৈতিক অস্থিরতা’ নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের কার্যালয় (ওএএইচসিএইচআর) যে রিপোর্ট পেশ করেছিল, তার মধ্যেকার বিভিন্ন অসঙ্গতি তুলে ধরতেই এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়েছে।
চব্বিশের ৫ আগস্ট পরবর্তী গত দেড় বছরের মধ্যে এটাই হবে ভারতের রাজধানীতে আওয়ামী লীগের কোনো সিনিয়র নেতার প্রথম প্রকাশ্য সাংবাদিক সম্মেলন।
২০২৪ সালের আগস্ট থেকে শুধু আওয়ামী লীগের সর্বোচ্চ নেত্রী শেখ হাসিনাই নন, দলের ছোট-বড়-অনেক নেতাকর্মী ভারতে আশ্রয় নিয়ে আছেন। কিন্তু তাদের কাউকেই আজ পর্যন্ত ‘হোস্ট কান্ট্রি’ হিসেবে ভারত সংবাদমাধ্যমে মুখ খোলার অনুমতি দেয়নি।
এর মধ্যে গত বছর মাঝামাঝি সময় দিল্লির জাতীয় প্রেসক্লাবেই একটি মানবাধিকার সংগঠনের ব্যানারে বেশ কয়েকজন আওয়ামী লীগের নেতার প্রকাশ্যে আসার কথা ছিল। কিন্তু ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ মুহূর্তে তা নিয়ে আপত্তি তোলায় সেটি বাতিল করা হয়।
তখন কারণ হিসেবে অনানুষ্ঠানিকভাবে বলা হয়েছিল, এই আওয়ামী লীগ নেতারা যেহেতু প্রায় সবাই পর্যটক ভিসা বা বাণিজ্যিক ভিসা নিয়ে ভারতের মাটিতে আছেন, তাই তাদের প্রকাশ্য রাজনৈতিক কার্যক্রমে অংশ নিতে দেওয়া সম্ভব নয়।
তবে হাছান মাহমুদের ক্ষেত্রে পরিস্থিতিটা আলাদা, কারণ তিনি ভারতে নন; আপাতত থাকছেন ইউরোপের দেশ বেলজিয়ামে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ফাঁস হওয়া বিভিন্ন ছবিতে তাকে ইউরোপের বিভিন্ন দেশে সফরও করতে দেখা গেছে। ফলে হাছান মাহমুদের ক্ষেত্রে ভারতের সরাসরি কোনও দায় নেই বলেই তাকে দিল্লির প্রেস ক্লাবে এই সংবাদ সম্মেলন করার অনুমতি দেওয়া হয়েছে, এমনটাই ধারণা করা হচ্ছে। এই সংবাদ সম্মেলনে তার সঙ্গী নিঝুম মজুমদারও লন্ডন-প্রবাসী বাংলাদেশি, কাজেই তার ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য।
Leave a Reply