মতামত | ভাষাটিভি
যে মানুষগুলো পারিবারিক শিক্ষা ও সঠিক সামাজিক পরিবেশ থেকে বঞ্চিত হয়ে বড় হয়েছে, তাদের শুধু দোষারোপ করলেই কি সমস্যার সমাধান হবে?
একজন মানুষ যদি সমাজ কী, পরিবার কী, জেলা কী, থানা কী—এসব সম্পর্কে না জানে; আইন, নাগরিক অধিকার ও রাষ্ট্রব্যবস্থা সম্পর্কে যার কোনো ধারণা নেই, তাহলে তাকে সচেতন করে তোলার দায়িত্ব কার?
পরিবারের দায়িত্ব আছে। সমাজের দায়িত্ব আছে। শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব আছে। একই সঙ্গে রাষ্ট্রেরও দায়িত্ব রয়েছে নাগরিকদের জন্য একটি সুন্দর, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ তৈরি করা।
কারণ মানুষ শুধু পরিবারে তৈরি হয় না; তার চারপাশের পরিবেশও তার চিন্তা, আচরণ ও ভবিষ্যৎকে প্রভাবিত করে।
যে মানুষ জ্ঞান ও সচেতনতার সুযোগ পায় না, সে সহজেই অন্যের স্বার্থে ব্যবহৃত হতে পারে। তখন সে নিজের জীবনের সিদ্ধান্ত নিজে নেওয়ার পরিবর্তে অন্যের রাজনৈতিক, সামাজিক বা ব্যক্তিগত স্বার্থের পাশার খেলার তুরুপের তাস হয়ে দাঁড়াতে পারে।
তাই প্রশ্নটা শুধু—“মানুষটি এমন হলো কেন?”—এখানেই থেমে থাকা উচিত নয়।
প্রশ্ন হওয়া উচিত—“তাকে মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য আমরা কী পরিবেশ তৈরি করেছি?”
মানুষকে পরিবর্তন করতে হলে শুধু শাস্তি নয়, প্রয়োজন শিক্ষা, সচেতনতা, সুযোগ এবং একটি সুস্থ সামাজিক পরিবেশ।
মানুষের উন্নয়নই রাষ্ট্রের উন্নয়ন। আর মানুষকে গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার।
আতিকুল ইসলাম
সংগঠক | রাষ্ট্রচিন্তক | সাংবাদিক
ভাষাটিভি