গাজীপুর প্রতিনিধি, ভাষাটিভি: গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের এক বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন সাংবাদিক সংগঠনের উদ্যোগে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ, র্যালি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ আগস্ট) সকালে গাজীপুর চৌরাস্তার সাংবাদিক তুহিন চত্বরে আয়োজিত এ কর্মসূচিতে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক, প্রকাশক, গণমাধ্যমকর্মী এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন। এ সময় বক্তারা সাংবাদিক তুহিন হত্যা মামলার দ্রুত বিচার সম্পন্ন করে খুনিদের সর্বোচ্চ শাস্তি, বিশেষ করে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান।
সমাবেশে বক্তারা বলেন, এক বছর পেরিয়ে গেলেও সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন না হওয়া অত্যন্ত উদ্বেগজনক। একজন সাংবাদিককে নির্মমভাবে হত্যা করে কেউ পার পেতে পারে না। দ্রুত বিচার নিশ্চিত করে দোষীদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।
বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, নির্যাতন ও হত্যাকাণ্ড বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত এবং স্বাধীন সাংবাদিকতার পরিবেশ বজায় রাখতে প্রতিটি সাংবাদিক হত্যা মামলার দ্রুত ও দৃষ্টান্তমূলক বিচার সময়ের দাবি।
কর্মসূচিতে বাংলাদেশ প্রেস ক্লাব গাজীপুর জেলা ও মহানগর শাখা, জাতীয় সাংবাদিক অধিকার বাস্তবায়ন সোসাইটি গাজীপুর জেলা, বাসন মেট্রো থানা প্রেস ক্লাবসহ গাজীপুরের বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিভিন্ন সংবাদমাধ্যমের সম্পাদক, প্রকাশক, সাংবাদিক, সংবাদকর্মী এবং বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা নিজ নিজ ব্যানারে অংশগ্রহণ করেন।
মানববন্ধন শেষে একটি প্রতিবাদ র্যালি অনুষ্ঠিত হয়। পরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি সাংবাদিক হত্যা মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং ভবিষ্যতে সাংবাদিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার জোর আহ্বান জানানো হয়।
প্রতিবেদন: এম মোহাম্মদ মানিক, স্টাফ রিপোর্টার, ভাষাটিভ।